দামুড়হুদায় ভুয়া পশু চিকিৎসক আটক, ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভুয়া পশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি বাজারে হোসেন ড্রাগ হাউসের সামনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাউলী ইউনিয়নের জয়রামপুর হাজীপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে উবায়দুর রহমান রুনু দীর্ঘদিন ধরে নিজেকে পশু চিকিৎসক পরিচয় দিয়ে অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি ভিজিটিং কার্ডে “পশু চিকিৎসক” পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রতারণামূলকভাবে সেবা প্রদান করতেন।
বিজ্ঞাপন
অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার অপচিকিৎসার কারণে পশুপালনকারী বেশ কিছু পরিবারের গরু-ছাগল মারা যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।








