অনিয়ম ধরতে গিয়ে হামলার শিকার প্রকৌশলী, ধরা পড়েননি ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হওয়া প্রকৌশলীকে বদলি করা হয়েছে। একই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ঠিকাদার এখনো ১৮ দিনেও গ্রেফতার হননি।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপ-সহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে গত ২৩ এপ্রিল প্রশাসনিক আদেশে জামালপুরের দেওয়ানগঞ্জে বদলি করা হয়।
ঘটনাটি ঘটে ১৩ এপ্রিল দুপুরে, উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর বাজার আরএন্ডএইচ সড়কের নির্মাণকাজ পরিদর্শনে গেলে। অভিযোগ রয়েছে, কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার লোকমান হোসেন প্রকৌশলী ও তদন্ত দলকে বাধা দেন এবং একপর্যায়ে বাঁশ নিয়ে ধাওয়া করেন।
বিজ্ঞাপন
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় নবীনগর থানায় মামলা করেন ভুক্তভোগী প্রকৌশলী। তবে মামলার প্রধান আসামি ঠিকাদার লোকমান হোসেন এখনো পলাতক। এ পর্যন্ত তার গাড়িচালক বিল্লাল হোসেন এবং ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটি প্রায় ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকার। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড, যার ঠিকাদার হিসেবে কাজ করছিলেন লোকমান হোসেন। শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ ছিল স্থানীয়দের।
বিজ্ঞাপন
এ বিষয়ে নবীনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী ফেরদৌস আলী বলেন, বদলির আদেশ কেন্দ্রীয়ভাবে হয়ে থাকতে পারে, বিস্তারিত কাগজপত্র হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।








