ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে দুর্ঘটনা, শিশুসহ আহত ৫

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান এলাকায় চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদসংলগ্ন উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে সন্ধ্যায় উদ্যানে দর্শনার্থীর ভিড় ছিল। এ সময় চলন্ত অবস্থায় হঠাৎ নাগরদোলাটি ভেঙে মাটিতে পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর নামে এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে নাগরদোলা বসিয়ে ব্যবসা চলছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা জানান, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে মোহাম্মদ শিবিরুল ইসলাম, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








