ফরিদপুরে বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি বোয়ালমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন চালকের সহকারী (হেলপার) নাঈম (২২) ও আল-আমিন (২৫)। তাদের বাড়ি সালথা উপজেলার সোনাখোলা ও কাগদী এলাকায়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী সেটিকে থামানোর চেষ্টা করে।
এ সময় উত্তেজিত জনতা চালক, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয় এবং ট্রাকটিতে ভাঙচুর চালায়। এতে ঘটনাস্থলেই চালক হান্নান গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ জন পথচারী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ট্রাকটি বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় একটি দোকানেও ধাক্কা দেয়।
বিজ্ঞাপন
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগেই স্থানীয়রা তিনজনকে মারধর করে গুরুতর আহত করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটি একাধিক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








