Logo

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১ মে, ২০২৬, ২০:৩০
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরন মিয়া। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বিকেলের দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ফায়ার সার্ভিসে খবর দেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ট্রান্সফরমারে বিপুল পরিমাণ তেল সংরক্ষিত ছিল, যা আগুনের ঝুঁকি বাড়াতে পারত। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD