ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
সদর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করে বিজিবি। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তে অবস্থিত সব বিওপি (বর্ডার আউট পোস্ট) ও চেকপোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পরিবর্তনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে। দেশের সীমান্ত নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।








