Logo

ঝিনাইদহে রেল লাইনসহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

profile picture
জেলা প্রতিনিধি
৭ মে, ২০২৬, ২০:৩৮
ঝিনাইদহে রেল লাইনসহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
ছবি প্রতিনিধি।

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, সদস্য প্রভাষক কামাল হোসেন, মুকুল হোসেন, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, আইয়ুব হোসেন রানা, শারমিন সুলতানা, হাফেজ কামরুল ইসলাম ও মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহের পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা থাকলেও ঝিনাইদহ জেলা শহরে এখনো কোনো রেললাইন স্থাপন করা হয়নি। এতে জেলার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, জেলা সদরে এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়নি। পাশাপাশি কৃষিনির্ভর এ অঞ্চলে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও দীর্ঘদিনের। এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তারা।

বিজ্ঞাপন

এছাড়া নেতৃবৃন্দ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, নবগঙ্গা নদী পুনঃখনন ও সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীর ওপর সেতু নির্মাণেরও জোর দাবি জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD