Logo

পিরোজপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৮ মে, ২০২৬, ১৯:৪২
পিরোজপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ছবি: প্রতিনিধি

পিরোজপুর জেলায় গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। শুক্রবার (৮ মে) দিনব্যাপী তিনি এসব প্রকল্প সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী পিরোজপুরে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনসহ চলমান বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণশৈলী ও গুণগত মান যাচাই করেন। এসময় তিনি কাজের স্থায়িত্ব ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রধান প্রকৌশলীর সঙ্গে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হুসাইন, বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান। এছাড়াও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী পিরোজপুর জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় তিনি প্রকল্পের গতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অবকাঠামোগত মান নিশ্চিত করা অপরিহার্য। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণকে পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণের মাধ্যমে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। পিরোজপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা তাকে চলমান প্রকল্পগুলোর কারিগরি দিক ও বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

বিজ্ঞাপন

মাঠ পর্যায়ের পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী পিরোজপুর গণপূর্ত বিভাগ কার্যালয় প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, “টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। প্রতিটি সরকারি দপ্তরের উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা উচিত, যাতে আমরা একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার ও নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান এবং স্টাফ অফিসার ফারিবা হালিম অরিন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD