Logo

হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, কারাগারে স্বামী

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
৮ মে, ২০২৬, ১৮:০৮
হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, কারাগারে স্বামী
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে প্রেমের সম্পর্কের পর ধর্ম পরিবর্তন করে মুসলিম যুবককে বিয়ে করেছেন এক হিন্দু তরুণী। তবে বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের বশির সরদারের ছেলে তামিম হাসানের সঙ্গে পার্শ্ববর্তী ফলাঘর গ্রামের প্রিয়ন্তী রানী সাহার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনই প্রাপ্তবয়স্ক হলেও ধর্ম ভিন্ন হওয়ায় পরিবারে আপত্তি তৈরি হয়। পরে পরিবারকে না জানিয়ে তারা একসঙ্গে চলে যান।

পরে ওই তরুণী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ‘জান্নাতি ইসলাম’ নাম গ্রহণ করেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় কাজীর মাধ্যমে গত ৩ মে দুই লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

তবে পালিয়ে যাওয়ার ঘটনায় তরুণীর পরিবার বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। এরপর বৃহস্পতিবার পুলিশ ওই দম্পতিকে আটক করে। পরে তামিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে জান্নাতি ইসলামকে মেডিকেলে পাঠানো হয়েছে আলামত সংগ্রহের জন্য।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নবদম্পতি দাবি করেন, তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছেন।

বিজ্ঞাপন

তামিমের বাবা বশির সরদার বলেন, ছেলে-মেয়ের সম্পর্কের বিষয়টি জানার পর তিনি মেয়ের পরিবারকে অবহিত করেছিলেন। তবে পালিয়ে বিয়ে করুক, সেটি তিনি চাননি। তার দাবি, এটি অপহরণের ঘটনা নয় এবং ছেলেকে ফাঁসাতে ধর্ষণ ও অপহরণের মামলা করা হয়েছে।

অন্যদিকে তরুণীর পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে এবং তাকে অপহরণ করা হয়েছিল। এ কারণেই তারা মামলা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর স্বাভাবিক সংসারজীবন শুরু করার আগেই মামলার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন বলেন, সাধারণ ডায়েরির পর তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে। ছেলেটিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তরুণীর পরিবারের দায়ের করা মামলা গ্রহণ করা হয়েছে। এখন বিষয়টি আদালতের অধীনে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD