কসবায় বিএসএফের গুলিতে কলেজ ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিক্যমুড়ি ও ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই এলাকার হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ধজনগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান বলেন, আমি যতটুকু জানি, রাতে ২০-২৫ জনের একটি দল কাটাতারের সামনে গেলে বিএসএফ গুলি চালায়। এতে মুরসালিন গুলিবিদ্ধ হয় এবং অন্যরা আহত হয়ে পালিয়ে যায়। মুরসালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে তার বড় ভাই জানিয়েছে।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও গোপন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
এ বিষয়ে চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মুইনুদ্দিন বলেন,
আমরা একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।








