কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘর থেকে প্রবাসীর ভাড়াটিয়া পরিবারের পাঁচ সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন গোপালগঞ্জের বাসিন্দা ফোরকান নামে এক ড্রাইভার। তিনি পরিবারসহ ওই বাড়িতে বসবাস করতেন। শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), মেয়ে ফারিয়া (২), ছেলে হাবিব (১০), মেয়ে মিম (১৪) এবং ফোরকানের শ্যালক রুসুল (২২)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
একসঙ্গে পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিহত পরিবারের স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








