Logo

ঝালকাঠির আকাশে রহস্যময় আলোর রেখা, জনমনে কৌতূহল ও চাঞ্চল্য

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৯ মে, ২০২৬, ১১:০৯
ঝালকাঠির আকাশে রহস্যময় আলোর রেখা, জনমনে কৌতূহল ও চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

ঝালকাঠির আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় আলোর দীর্ঘ এক রেখা। শুক্রবার (৮ মে) সন্ধ্যার আগ মুহূর্তে আকাশজুড়ে ভেসে ওঠা ওই আলোকচ্ছটা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল, বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন নদীর পাড়ে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আকাশে অদ্ভুত আলোর রেখাটি দেখতে পান। কিছু সময়ের মধ্যেই সেটি আরও স্পষ্ট হয়ে উঠলে আশপাশের মানুষের মধ্যে উৎসুক ভিড় জমে যায়। অনেকে মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আকাশে দেখা যাওয়া আলোর রেখাটি দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্র বা রকেট উৎক্ষেপণের আলোর মতো ছিল। আবার কেউ কেউ এটিকে ধূমকেতু কিংবা মহাকাশ সংশ্লিষ্ট কোনো ঘটনার অংশ বলেও ধারণা করছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

খেয়াঘাট এলাকার মাঝি আব্দুল মতিন বলেন, “হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে অনেকটা যুদ্ধের সময় টিভিতে দেখা মিসাইলের আলোর মতো লাগছিল। জীবনে এই প্রথম এমন দৃশ্য দেখলাম।”

স্থানীয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “নদীর পাড়ে বসে ছিলাম। হঠাৎ আকাশে আলোর একটি দীর্ঘ রেখা দেখতে পাই। পরে অনেকেই দাঁড়িয়ে সেটি দেখতে থাকেন। ভয় লাগলেও একই সঙ্গে বিস্ময় কাজ করছিল।”

বিজ্ঞাপন

রহস্যময় এ আলোর উৎস নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD