গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনি, তিনজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, স্থানীয় দুটি গরুর খামারে চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করে। এ সময় এলাকাবাসী তাদের টের পেয়ে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরও দুজন মারা যান।
ঘটনার সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে তাদের বাধা দেওয়া হয়।
বিজ্ঞাপন
রোববার সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক ছিলেন। শনিবার রাতে সন্দেহভাজন ব্যক্তিদের গরু চুরির চেষ্টা করতে দেখে এলাকাবাসী তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








