Logo

বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা, তোপের মুখে পিছু হটল বিএসএফ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১২ মে, ২০২৬, ১৭:২৮
বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা, তোপের মুখে পিছু হটল বিএসএফ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) সকালে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩-এর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্তসংলগ্ন এলাকায় কয়েকটি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য এগিয়ে এসে গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে জড়ো হন এবং তাদের বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বিজ্ঞাপন

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্ত এলাকায় ফিরে যান বলে জানা গেছে।

জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের বাকবিতণ্ডা হয়। পরে বিজিবি হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD