Logo

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ, জিম্মি চার জেলে উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
১৩ মে, ২০২৬, ১৯:৫৬
পূর্ব সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ, জিম্মি চার জেলে উদ্ধার
ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকালে এ ঘটনায় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বনদস্যুদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি জব্দ করেছে বন বিভাগ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খানের ছেলে মাসুম খান, খুলনার বটিয়াঘাটা উপজেলার বুজনুনিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাছিম আলী, দাকোপ উপজেলার পানখালী গ্রামের আবু তালেব শেখের ছেলে ইরাক শেখ এবং শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হাসান।

বিজ্ঞাপন

বন বিভাগ সূত্রে জানা গেছে, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা সিঙ্গারটেক এলাকায় যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় বনদস্যুদের অবস্থান টের পেয়ে সেখানে অভিযান চালানো হয়। বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে বনরক্ষীরাও পাল্টা গুলি চালান।

একপর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার এবং জিম্মি করে রাখা চার জেলেকে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানের সময় একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD