Logo

কুকুরের খোঁড়া গর্তে মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
১৪ মে, ২০২৬, ২১:৫৬
কুকুরের খোঁড়া গর্তে মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরাঞ্চলে মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার ছোট্ট মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকটি কুকুর মাটি খুঁড়তে শুরু করলে ঘটনাটি সামনে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কুলসুম বেগম নামে এক নারী পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে কয়েকটি কুকুরকে একই জায়গায় মাটি খুঁড়তে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কাছে যান। সেখানে তীব্র দুর্গন্ধ পেয়ে মাটির নিচে মানুষের পা দেখতে পান। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে এক নারী ও একটি শিশুকন্যার মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহ দুটি অনেকটাই পচে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর কর্ণসোনা গ্রামের বাসিন্দা আমজাদ শেখের স্ত্রী জাহানা আক্তার এবং তাদের তিন বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। জাহানার বাবার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তার বাবা লালন মোল্লা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমজাদ শেখ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি জাহানাকে বিয়ে করেন।

বিজ্ঞাপন

নিহতের শ্বশুর আব্দুর রব জানান, গত ৪ মে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আত্মীয়ের চল্লিশার অনুষ্ঠানে গিয়েছিলেন জাহানা। অনুষ্ঠান শেষে তিনি মেয়েকে নিয়ে ওষুধ কিনতে হামেদ খাঁর বাজারের দিকে যান। এরপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। জাহানার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করেন তার স্বামী।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মোল্লা বলেন, ইটভাটায় কাজের সূত্রে জাহানার সঙ্গে উজ্জ্বল নামে এক যুবকের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার বিরোধও হয়েছিল বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যেখান থেকে মরদেহ উদ্ধার হয়েছে, তার কাছেই ওই যুবকের বাড়ি। তাই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD