Logo

পাবনায় প্রথমবার চালু হলো ফ্যামিলি কার্ড সেবা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৭ মে, ২০২৬, ১৩:১৮
পাবনায় প্রথমবার চালু হলো ফ্যামিলি কার্ড সেবা
ছবি: প্রতিনিধি

পাবনায় প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড সেবার আওতায় এসেছেন ৫৭৮ জন নারী। শনিবার (১৬ মে) বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরপরই ডিজিটাল পদ্ধতিতে সুবিধাভোগী নারীদের মোবাইল অ্যাকাউন্টে নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

বিজ্ঞাপন

সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, নারীদের ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে চরতারাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের যোগ্য পরিবারগুলোকে এই সেবার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই অর্থ সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা। আড়িয়াগোহাইল বাড়ি গ্রামের রুমা খাতুন, শিখা খাতুন এবং বালিয়াডাঙ্গীর লাখী খাতুন বলেন, ভোটের আগে ধানের শীষে ভোট চেয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল। আশা করেছিলাম পাবো, তবে এত দ্রুত পাবো ভাবিনি। অনুষ্ঠানে বসে থাকতেই মোবাইলে ২ হাজার ৫০০ টাকা চলে এসেছে। এই টাকা সন্তানদের লেখাপড়া ও সংসারের কাজে ব্যয় করতে পারবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD