নাটোরে বৃদ্ধ স্বামীকে গলা কেটে হত্যা, আটক স্ত্রী

নাটোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মানু সরকার।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানু সরকার (৭০) ওই গ্রামের মৃত জিয়ারত সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মানু সরকার মাঠে কাজ করতে যান।
বিজ্ঞাপন
কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় তার স্ত্রী রতেযান বেগম (৬৫) ধারালো হাসুয়া দিয়ে গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতরভাবে শ্বাসনালী কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








