চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) কোতোয়ালী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে কোতোয়ালী থানার আওতাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হন বলে অভিযোগ করা হয়।
পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের বিভিন্ন অলিগলি দিয়ে সরে যান। ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও আটটি কাঠের লাঠি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এরপর গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন যুবলীগের নেতা রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।








