কোরবানির ঈদ ঘিরে জমে উঠছে মাস্টারবাড়ী হাট

কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুর মহানগরের মাস্টারবাড়ী বাজারে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী বিরাট গরু-ছাগলের হাট। ঈদ উপলক্ষে ১০ দিনব্যাপী এই পশুর হাটকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বিজ্ঞাপন
উন্নত জাতের গরু ও ছাগলের বিশাল সমাহার, নিরাপদ পরিবেশ এবং ক্রেতাবান্ধব ব্যবস্থাপনার কারণে প্রতিবছরের মতো এবারও হাটটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে খামারি ও সাধারণ ক্রেতাদের মধ্যে।
হাট সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা উন্নত জাতের দেশি ও বিদেশি গরু-ছাগল নিয়ে এ হাটে অংশ নেবেন। ছোট, মাঝারি ও বড় আকারের পশুর পাশাপাশি থাকবে আকর্ষণীয় দামে কোরবানির পশু কেনাবেচার সুযোগ।
বিজ্ঞাপন
হাটের ইজারাদার মাহমুদুল হাসান আকাশ বলেন, ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পশু রাখার নির্দিষ্ট স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলো এবং যানবাহন পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মাস্টারবাড়ী বাজারের এই পশুর হাট দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় হাট হিসেবে পরিচিত। প্রতি বছর ঈদের আগে এখানে হাজারো মানুষের সমাগম ঘটে। ফলে হাটকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, সুন্দর পরিবেশে স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচার সুযোগ দিতে এবারও থাকছে সার্বিক তদারকি। তারা সবাইকে মাস্টারবাড়ীর ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটে এসে পছন্দের কোরবানির পশু কেনার আহ্বান জানিয়েছেন।








