নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে সংঘর্ষে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে জেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে যাত্রী নিয়ে খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি যাত্রা শুরু করে। নীলফামারী রেলস্টেশনে নির্ধারিত যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর এলাকার দিকে এগিয়ে গেলে রেললাইনের ওপর পড়ে থাকা একটি গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে অন্য ট্রেন চলাচলেও। খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটির চিলাহাটি, নীলফামারী ও ডোমার স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মিঠুর রায় জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে। পার্বতীপুর থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।








