Logo

ভারত থেকে আমদানি বাড়ায় হিলিতে কমেছে জিরার দাম

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৭ মে, ২০২৬, ১৪:১৯
ভারত থেকে আমদানি বাড়ায় হিলিতে কমেছে জিরার দাম
ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই দেশের বিভিন্ন অঞ্চলে মসলা জাতীয় পণ্যের চাহিদা বেড়েছে। তবে প্রতি বছরের মতো এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার দাম না বেড়ে বরং কিছুটা কমেছে। বিশেষ করে দিনাজপুরের হিলি বাজারে জিরার দামে দেখা গেছে স্বস্তির চিত্র।

বিজ্ঞাপন

ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় বাজারে সরবরাহ বেড়েছে, আর সেই প্রভাবেই কমেছে জিরার দাম। বর্তমানে হিলি বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৪৫ টাকা দরে।

রবিবার (১৭ মে) সকালে হিলি বাজারের বিভিন্ন মসলা দোকান ঘুরে দেখা যায়, দেশের নানা জেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা জিরাসহ বিভিন্ন মসলা কিনতে ভিড় করছেন। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার জিরার দাম কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত কমেছে। এতে যেমন স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা, তেমনি বেড়েছে বিক্রিও।

বাজার সূত্রে জানা গেছে, গত বছরের কোরবানির ঈদে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছিল ৬৫০ থেকে ৬৬০ টাকা দরে। পরে রোজার ঈদেও দাম ছিল ৬৩০ টাকার আশেপাশে। বর্তমানে সেই জিরাই বিক্রি হচ্ছে ৫৪৫ টাকায়।

বিজ্ঞাপন

রাজশাহী থেকে মসলা কিনতে আসা ক্রেতা ফাহিম হাসান বলেন, হিলি দেশের অন্যতম বড় মসলার বাজার। এখানে অন্য জায়গার তুলনায় কম দামে ভালো মানের মসলা পাওয়া যায়। সামনে কোরবানির ঈদ, তাই পরিবারের প্রয়োজনীয় মসলা কিনতে এসেছি। জিরার দাম গত বছরের তুলনায় অনেক কম, এতে আমাদের মতো সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছি।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কয়েক বছর আগে ২৫০ টাকায় জিরা কিনেছি। এখন ৫৪৫ টাকা দিয়েও কিনতে হচ্ছে। তবে আগের তুলনায় দাম কিছুটা কমেছে, সেটাই স্বস্তির বিষয়। যদি দাম আরও কমে তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হবে।

বিজ্ঞাপন

হিলি বাজারের রকমারি মসলা ঘরের ব্যবসায়ী গোলাম মর্তুজা সিফাত বলেন, গত দুই ঈদের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কম রয়েছে। বিশেষ করে জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে আমরা ৫৪৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

তিনি আরও জানান, চলতি বছরে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি বেড়েছে। আমদানি স্বাভাবিক থাকায় বাজারে সরবরাহ ভালো রয়েছে। সরবরাহ বেশি থাকায় দামও কমেছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, শুধু জিরা নয়, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচসহ অন্যান্য মসলার বাজারেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। ফলে কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি খরচের চাপের মধ্যেও সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD