Logo

পূজার প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে গেল আইনজীবীর প্রাণ

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৭ মে, ২০২৬, ১৩:৪৫
পূজার প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে গেল আইনজীবীর প্রাণ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পূজার প্রদীপ জ্বালানোর সময় আগুনে দগ্ধ হয়ে জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহার মৃত্যু হয়েছে। প্রায় ১০ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মৃত মিতা সাহা (৪৭) ঝিনাইদহ শহরের কেসি কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং শ্যামল কুমার সাহার স্ত্রী। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন আন্তরিক ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে স্মরণ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মে সন্ধ্যায় শহরের চাকলাপাড়া এলাকায় নিজ বাড়িতে পূজার প্রদীপ জ্বালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। অসাবধানতাবশত তেলভর্তি প্রদীপ শরীরের ওপর পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়।

বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে আইনজীবী আলাউদ্দীন আজাদ জানান, দুর্ঘটনার পর থেকেই মিতা সাহার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শনিবার দুপুরে তিনি মারা যান।

বিজ্ঞাপন

মৃত্যুকালে মিতা সাহা এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদনের পর চাকলাপাড়ার মহিষাকুণ্ডু শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে মিতা সাহার স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD