Logo

চুনারুঘাট নতুন ব্রিজে ঢাকা–সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
১৭ মে, ২০২৬, ১৬:৫০
চুনারুঘাট নতুন ব্রিজে ঢাকা–সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে বাস দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা। অবরোধটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে তা প্রত্যাহার করা হয়।

শ্রমিকরা জানান, ৫২ বছর ধরে হবিগঞ্জ–সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বিরতিহীন বাস চলাচল করছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ এসব বাস চলাচলে বাধা দিচ্ছে। গত ১০ মে সেখানে একটি বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

এর প্রতিবাদে ১২ মে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখে। পরবর্তীতে প্রশাসনের কয়েক দফা বৈঠকেও কোনো সমাধান আসেনি। পরে হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের নির্দেশে শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো ঐকমত্য হয়নি।

শনিবার প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও মৌলভীবাজারে আবারও একটি বাস আটকিয়ে শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ করেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, “প্রশাসনের আশ্বাসে বাস চালু করা হয়েছিল। কিন্তু মৌলভীবাজারে পৌঁছামাত্র বাস আটকিয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে। এই খবর পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।”

তিনি আরও বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD