Logo

শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৭ মে, ২০২৬, ২০:১২
শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতারা অভিযোগ করেন, মাদক ব্যবসা ও চাঁদাবাজির কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং একের পর এক খুন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম যথাযথভাবে কার্যকর না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) শ্রীমঙ্গলের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. মোসাব্বির আল মাসুদ। তিনি অভিযোগ করেন, স্থানীয় শ্রমিকদলের কিছু নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে মাদক ব্যবসা ও চাঁদাবাজি চলছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ২৭ মার্চ শ্রীমঙ্গলের আলিশার কুল এলাকায় ফুলমতি নামের এক নারী এবং ৯ বছর বয়সী শিশু জুনাইদ নিহত হয়। এ ঘটনায় লুৎফুর রহমান, বাবুর মিয়া সহ আরও কয়েকজন আহত হন বলেও দাবি করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলীর ছত্রছায়ায় পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ফারুক, জালালিয়া রোডের নূরে আলম, আশিদ্রোণ নোয়াবাড়ীর শামীম আহমেদ, খাসগাঁওয়ের ফয়েজ মিয়া এবং স্টেশন রোড এলাকার কয়েকজন মিলে ফুটপাতের দোকান ও ভ্যান থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকেও নিয়মিত টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এস এ পরিবহন থেকে মাসে ৫০ হাজার টাকা, মাদক ব্যবসায়ী স্বপনের কাছ থেকেও একই পরিমাণ টাকা নেওয়া হয়। মাদক ব্যবসায়ী রুহেল ও আল-আমিন (বর্তমানে কারাগারে) থেকেও মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়। পোষ্ট অফিস রোড ও পৌরসভার জায়গায় গড়ে ওঠা দোকান ও রুম থেকেও বড় অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব বিষয়ে প্রতিবাদ করায় তিনি নানা ধরনের হুমকি ও চক্রান্তের শিকার হচ্ছেন। গত ১৮ এপ্রিল ‘সিলেটের নিউজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে লোক ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমি সবসময় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং একাধিকবার লাইভে এসে এসব বিষয়ে কথা বলেছি। এজন্যই মাদক ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুযোগ বুঝে আমার ব্যবসায়িক প্রতিপক্ষদের সঙ্গে যোগ দিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, লেবু বাজার এলাকায় পরিবহন ব্যবসা শুরু করতে গেলে ৬ মে রাত ৯টার দিকে একটি লেবুবাহী গাড়ি আটকে তার কর্মচারী পারভেজের কাছ থেকে জোরপূর্বক ৪ হাজার ৩০০ টাকা আদায় করা হয়। একই ঘটনায় জমশেদ এন্টারপ্রাইজের মালিক জমশেদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়। পরবর্তীতে আবারও তাকে চাঁদা দিতে চাপ দেওয়া হয়।

বিজ্ঞাপন

৮ মে সন্ধ্যায় পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ফারুক তার আড়ৎদার বাবলুকে বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর অফিসে নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে একই রাতে নূরে আলমের উপস্থিতিতে আরও চাঁদা আদায়ের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং সম্প্রতি কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব বলেন, “আজ যারা সংবাদ সম্মেলন করছে, তিনিই নাকি মাদকের চাঁদা তোলেন। আমার ছবি কোথায় ব্যবহার করা হলো তা আমার বিষয় নয়। এটি আমার কোনো অফিসও নয়। শ্রমিক দলের অফিসে আমি কখনো যাইনি।”

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD