ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগের উদ্যোগে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজ চলমান রাখার সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এর ফলে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
আরও পড়ুন: কয়রায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
বিজ্ঞাপন
ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই যানজটে আটকা আছি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও তেমন গাড়ি এগোচ্ছে না।
তিশা পরিবহনের যাত্রী বৃষ্টি পোদ্দার বলেন, যেখানে ১০ মিনিটে যাওয়ার কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো।
বিজ্ঞাপন
প্রাইভেটকার চালক মোহাম্মদ রাব্বানি বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন পুরোপুরি স্থবির হয়ে আছে। আড়াই ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এই পথ যেতে ৮ থেকে ১০ মিনিট লাগে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। দ্রুত কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি আশা প্রকাশ করেন।








