Logo

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় শোক

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৮ মে, ২০২৬, ১৫:০৪
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় শোক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ঝাড়াইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। মজিবর খাঁ ওই এলাকার মৃত তের আলী খাঁর ছোট ছেলে।

স্বজনদের বরাতে জানা যায়, সকালে বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ঝাড়াইয়ের সময় প্রথমে মজিবর খাঁ ফ্যানটি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ফ্যান না চলায় তিনি সেটি পরীক্ষা করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ফ্যানটি তার শরীরের ওপর পড়ে যায়। পরে তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD