Logo

শেরপুরে তারকাখ্যাতি পেয়েছে ‘বাংলার ডন’

profile picture
উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী, শেরপুর
১৮ মে, ২০২৬, ১৬:১০
শেরপুরে তারকাখ্যাতি পেয়েছে ‘বাংলার ডন’
ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির এক ফ্রিজিয়ান ষাঁড়। প্রায় ৩৩ মণ ওজনের এই গরুটির নাম রাখা হয়েছে ‘বাংলার ডন’। বিশাল দেহ, আকর্ষণীয় গঠন ও ব্যতিক্রমী পরিচর্যার কারণে ইতোমধ্যেই স্থানীয় কোরবানির হাটে তারকাখ্যাতি পেয়েছে ষাঁড়টি।

বিজ্ঞাপন

নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া পশ্চিমপাড়ায় অবস্থিত আলিফ লাম এগ্রো লিমিটেডের মালিক মাসুদ পারভেজ মাসুম প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী নকলা উপজেলা থেকে মাত্র ১ লাখ ৬ হাজার টাকায় বাছুর অবস্থায় ষাঁড়টি কিনে আনেন। এরপর খৈল, খড়, ভুসি ও বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে বিশেষ যত্নে বড় করা হয় ‘বাংলার ডন’-কে।

খামারের ম্যানেজার মনির মিয়া জানান, তাদের খামারে এবার কোরবানির জন্য ‘রাজা’ ও ‘বাদশা’ নামের আরও কয়েকটি বড় গরু প্রস্তুত রয়েছে। তবে আকার-আকৃতিতে ‘বাংলার ডন’-এর মতো আর কোনো গরু নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবার পুরো শেরপুরে আলোচনায় থাকবে বাংলার ডন। কেজি হিসেবে বিক্রি করলেও এর দাম প্রায় ১৫ লাখ টাকা হতে পারে।

তিনি আরও জানান, খামারে বর্তমানে ২০ থেকে ২৫ মণ ওজনের আরও ১০টি বড় গরু রয়েছে। এছাড়া ছোট ও মাঝারি আকারের শতাধিক গরুও বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

মনির মিয়া বলেন, বাংলার ডনের জন্য প্রতিদিন বিশেষ যত্ন নিতে হয়। দিনে তিন থেকে চারবার গোসল করানো হয়। প্রতিদিন প্রায় ৮০ কেজি ঘাস খাওয়ানো হয়, পাশাপাশি পুষ্টিকর খাবারও দেওয়া হয়।

বিজ্ঞাপন

খামারের শ্রমিক হাবিবুর রহমান হাবিব বলেন, এত বড় গরু পালন করা সহজ নয়। আমরা পরিবারের সদস্যের মতো করেই এর যত্ন নিয়েছি। মালিক প্রতিদিন ফোন করে বাংলার ডনের খোঁজ নেন। অন্য গরুর চেয়ে এর প্রতি আমাদের আলাদা ভালোবাসা কাজ করে।

বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। নালিতাবাড়ীর মরিচপুরান গ্রামের স্বেচ্ছাসেবী শাহীন আলম বলেন, এর আগে এত বড় গরু কখনও দেখিনি। দেখতে অনেকটা হাতির মতো লাগে। কৌতূহল থেকেই দেখতে এসেছি।

বিজ্ঞাপন

নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম বলেন, প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ ও তদারকি করা হচ্ছে, যাতে গরুগুলো সুস্থ ও নিরাপদভাবে বাজারজাত করা যায়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD