Logo

রামগড়ে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগড়, খাগড়াছড়ি
১৮ মে, ২০২৬, ১৫:৪৫
রামগড়ে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) মধ্যরাতে উপজেলার নাকাপা চাষীনগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা মেরামতের সময় দ্রুতগতির একটি শ্যামলী পরিবহন বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।

নিহত শাহ আলম (৩৬) খাগড়াছড়ি সদর শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত হয়েছেন জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)। তাদের রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনির সামনে রব শেখ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম রব শেখ এবং বাড়ি পাবনায় বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, তিনি শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় হৃদ্‌রোগ বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন ও শান্তি পরিবহনের দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চালক ও হেলপারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD