ঝালকাঠিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৩ তরুণ-তরুণী পুলিশে নিয়োগ

ঝালকাঠিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৩ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) রাতে ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৭২০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ কয়েকটি ধাপ শেষে ৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে ১৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে নারী ও পুরুষ উভয় প্রার্থী রয়েছেন।
বিজ্ঞাপন
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, দুলাল সাহা, মানিক রায় এবং মো. রাজু খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাছাই করেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।”
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।








