পানছড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে সরকারি চাল বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, প্রতিবন্ধী ও সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। ৩ নম্বর সদর ইউনিয়নে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) প্রকল্পের বরাদ্দকৃত মোট ২৬ মেট্রিক টন চাল উপকারভোগীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) সকাল থেকে পানছড়ি ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত প্রত্যেক উপকারভোগীর হাতে জনপ্রতি ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এলাকার অসহায় ও প্রতিবন্ধী মানুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের জন্য বরাদ্দকৃত চাল গ্রহণ করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ সরকারি এ সহায়তা গ্রহণ করেন।
বিজ্ঞাপন
বিতরণ কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার পানছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাফর উল্লাহ, ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিতমনি চাকমা এবং ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সরকারের এই বিশেষ সহায়তা প্রকৃত অসহায় ও প্রতিবন্ধী মানুষদের কাছে যাতে কোনো ধরনের ভোগান্তি বা মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়া সরাসরি পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই কঠোর নজরদারি রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সরকারের এই খাদ্য সহায়তা হাতে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।








