Logo

মেয়েকে উত্যাক্ত করায় ৪ জনের মাথা ফাটিয়ে কারাগারে বাবা

profile picture
উপজেলা প্রতিনিধি
হাকিমপুর, দিনাজপুর
১৮ মে, ২০২৬, ১৮:২২
মেয়েকে উত্যাক্ত করায় ৪ জনের মাথা ফাটিয়ে কারাগারে বাবা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কিশোরীর বাবা মাসুদ রানাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মোল্লাবাজার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মন্টু মিয়ার ছেলে রাহিম দীর্ঘদিন ধরে মাসুদ রানার মেয়ে মোহিনী আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময়ও তাকে উত্ত্যক্ত করা হয় বলে অভিযোগ ওঠে। পরে মোহিনী বিষয়টি তার মাকে জানালে প্রতিবাদ করতে যান তার মা মুক্তাবানু।

অভিযোগ রয়েছে, এ সময় রাহিমের পরিবারের সদস্যরা মুক্তাবানু ও মোহিনীকে মারধর করেন। একপর্যায়ে কিশোরীকে বিবস্ত্র করার ঘটনাও ঘটে বলে দাবি করেছে মেয়ের পরিবার।

বিজ্ঞাপন

সন্ধ্যায় বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন মাসুদ রানা ও তার শ্বশুর। পরে তারা রাহিম, তার বাবা মন্টু মিয়া, মা রুজিনা এবং চাচা রবিউল ইসলামকে লাঠি দিয়ে মারধর করেন। এতে চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ জানান, আহত চারজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। সেলাই ও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

কিশোরীর ফুফু মুফতি বেগম বলেন, “মেয়ের অপমানের কথা শুনে বাবা ক্ষিপ্ত হয়ে মারধর করেছে। আইনের আশ্রয় না নিয়ে মারপিট করে ভুল করেছে।” তিনি আরও দাবি করেন, অভিযুক্ত রাহিম মাদকাসক্ত এবং এ কারণে তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিমুল ইসলাম বলেন, “কিশোরীকে বিবস্ত্র ও মারধরের অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়ে পক্ষকে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে শুনি মেয়ের বাবা ক্ষোভে তাদের মারধর করেছেন।”

বিজ্ঞাপন

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহতদের পক্ষ থেকে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এক নম্বর আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কিশোরীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগের বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD