কটিয়াদীতে এমপির চেষ্টায় বেদখল হওয়া খাল উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড়-বাহেরচর খালের বিভিন্ন অংশ ছিল বেদখলে। কৃষকদের অতিপ্রয়োজনীয় খালটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই জমিতে পানি জমে ফসল নষ্ট হতো।
বিজ্ঞাপন
পানি নিষ্কাশনের অভাবে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্যের চেষ্টায় বেদখলে থাকা অংশগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নে স্থানীয় জনগণকে নিয়ে খালটির পুনঃখনন কাজ শুরু করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মসূচির আওতায় লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড়-বাহেরচর ব্রহ্মপুত্র নদ পর্যন্ত খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
বিজ্ঞাপন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির অধীনে লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় থেকে বাহেরচর ব্রহ্মপুত্র নদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে।
লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল মতিন জুয়েলের সভাপতিত্বে খাল খনন কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চাঁন মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আবারও এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি খালে মাছ চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “সরকারি কোনো খাল দখল করা যাবে না। কৃষকদের বাঁচাতে হবে। এসব খাল খননের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতির পাশাপাশি কৃষিতেও সমৃদ্ধি আসবে।”








