বালিয়াডাঙ্গীতে শুরু হলো তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল হোসেন, অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্য সচিব ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন আক্তার সবুর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ডা. মোঃ তোফায়েল হোসেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান।
বিজ্ঞাপন
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের ভূমি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ সেবাগ্রহীতারা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় আগত নাগরিকদের জন্য ই-নামজারি, খতিয়ান সরবরাহ, ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা ধরনের ভূমি সেবা সহজভাবে গ্রহণের সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অনলাইনভিত্তিক ভূমি সেবার কার্যক্রম তুলে ধরা হয়, যাতে সাধারণ মানুষ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নিতে পারেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে জনগণের কাছে দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। তিনি হয়রানিমুক্ত ও সহজলভ্য ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।








