যশোরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

সচেতনতা বৃদ্ধি, দ্রুত সেবাদান ও দক্ষতার মাধ্যমে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
বিজ্ঞাপন
বুধবার সকাল ১০টায় যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজনের শুরুতেই একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সর্বসাধারণের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। এই র্যালিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, সিভিল ডিফেন্সের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক এবং স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিজ্ঞাপন
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং সাধারণ মানুষের মাঝে জীবন রক্ষাকারী সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, যেকোনো বিপদে ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে বড় দুর্ঘটনা এড়াতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোহাঃ আব্দুস সালাম, সহকারী পরিচালক, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মো. ফিরোজ আহমেদ, সিনিয়র স্টেশন অফিসার। মো. আবু ইউসুফ পান্না, ওয়্যারহাউজ ইন্সপেক্টর। লুৎফর রহমান খান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও মাঠপর্যায়ের সাহসী সদস্যবৃন্দ।
বিজ্ঞাপন
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আগামী ২২ মে পর্যন্ত যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম চলবে। এর মধ্যে রয়েছে অগ্নি নির্বাপণ কৌশল প্রদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় প্রশিক্ষণ এবং বিশেষ মহড়া (ডকুমেন্টারি ও মক ড্রিল), যার মূল লক্ষ্য সাধারণ জনগণকে যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত করে তোলা।








