রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
অভিযুক্তরা হলেন একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। ঘটনার পর হিরোকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপর অভিযুক্ত সোহেল পলাতক রয়েছে।
স্থানীয়দের জানান, সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় তাকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হিরোকে আটক করে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








