ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এতে জানা যায়, তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকার বাসিন্দা এবং বজল আহমেদের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইনের রেলগেট অতিক্রম করার সময় ঈদের জন্য নির্মাণাধীন একটি প্যান্ডেলের ওপর থাকা ডেকোরেটরের শ্রমিকরা ট্রেনের ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের জানালে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। এরপর কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজবাড়ী স্টেশন পার হওয়ার পর ছোট ছোট সেতুতে ধাক্কা লেগে তিনি নিহত হতে পারেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন








