Logo

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

profile picture
জেলা প্রতিনিধি
২৩ মে, ২০২৬, ১৫:৩০
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ২৯ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) সকালে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেরতল গ্রামের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই অ্যাডভোকেট মনির উদ্দিন এবং একই গ্রামের মোড়ল গোষ্ঠীর কপিল উদ্দিনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ঈদের আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এরপর ওই ঘটনার জেরে উভয় পক্ষের বিরুদ্ধে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে। সেই বিরোধের ধারাবাহিকতায় শনিবার সকালে গ্রামের সামনে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আশপাশের এলাকার লোকজন এগিয়ে এসে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতদের দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমেরতল গ্রামের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD