Logo

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, ৪ মোটরসাইকেলে ৮৫ হাজার টাকার জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৩১ মে, ২০২৬, ১৮:৫৭
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, ৪ মোটরসাইকেলে ৮৫ হাজার টাকার জরিমানা
ছবি: প্রতিনিধি

ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। বিশ্বকাপের আগাম আমেজ ছড়িয়ে দিতে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। তবে শোভাযাত্রার মধ্যেই উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের অভিযোগে ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৮৫ হাজার টাকার মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ব্রাজিল সমর্থক ও ফুটবল প্রেমিক কামরুজ্জামান সেলিম বলেন, বিশ্বকাপ খেলা আসলে ব্রাজিল সমর্থকদের মধ্যে একটা আনন্দ বয়ে নিয়ে আসে। ব্রাজিলের খেলার যে ছন্দ তারা যে তাল মিলিয়ে খেলা করে। যে কারণে ব্রাজিল এবার কাপ নিবে এমনটা প্রত্যাশা করি। এবার আমার ভালোবাসার দল ব্রাজিল হেক্সামিশন জয় করবো।

বিজ্ঞাপন

আরেক সমর্থক আরাফাত হোসেন বলেন, বিশ্বকাপ খেলার উন্মাদনা হচ্ছে দুইটি দল ব্রাজিল ও আর্জেনটিনা। বিশ্বে যত ভালো খেলোয়ার তৈরি হয়েছে। তার সবই ব্রাজিল থেকে তৈরি হয়েছে। ব্রাজিল ভক্তরা খুবই সুশৃঙ্খল। আজকে ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল শোডাউন ও আনন্দ র‍্যালি জানান দিচ্ছে বিশ্বকাপ এসে গেছে।

তবে আনন্দ শোভাযাত্রার সময় কয়েকটি মোটরসাইকেলে উচ্চ শব্দের হলার বা পরিবর্তিত হর্ন ব্যবহার করায় ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পরিদর্শক আমিরুল ইসলাম জানান, শব্দদূষণ সৃষ্টির দায়ে হলার লাগানো চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৮৫ হাজার টাকার মামলা করা হয়েছে। তিনি বলেন, জনসাধারণের ভোগান্তি ও শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD