Logo

টিপু সুলতানের বক্তব্য ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি সাবেক এমপি শহিদুল ইসলামের

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১ জুন, ২০২৬, ১২:১৭
টিপু সুলতানের বক্তব্য ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি সাবেক এমপি শহিদুল ইসলামের
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি টিপু সুলতানের আনা অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খন্দকার টিপু সুলতান তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় টিপু সুলতান বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মামুনুর রসূল বাবু খাঁ হত্যা মামলার পেছনেও তার সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেন তিনি। এছাড়া বিএনপির সাবেক নেতা রহমত আলী রব্বানকে গুরুতর আহত করার ঘটনায় টিপু সুলতানের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এদিকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টিপু সুলতানের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট।

আব্দুল গফুর আরও দাবি করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তবে জনগণ এসব বিভ্রান্তিকর প্রচারণা গ্রহণ করছে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ঘটনাকে কেন্দ্র করে মিরপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD