Logo

দর্শনায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
১ জুন, ২০২৬, ১৪:২১
দর্শনায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থানার যদুপুর গ্রামে সাপের কামড়ে বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ক্বারী শাফায়াত উল্লাহর মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) গভীর রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ক্বারী শাফায়াত উল্লাহ। রাত আনুমানিক ১টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার বাসিন্দা এবং শফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

ক্বারী শাফায়াত উল্লাহ দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কাজে নিবেদিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি এবং রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেননি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD