পত্নীতলায় ধান কেনাবেচা শেষে বাড়ি ফেরা হলো না রমজান আলীর

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬০) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) সকালে উপজেলার মধুইল বাজার সংলগ্ন পেজাপাড়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ধান কেনাবেচার কাজ শেষ করে অটোচার্জারে করে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাঁকড়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত রমজান আলী উপজেলার ঝলকাহার গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন আমিন ও ধান ব্যবসায়ী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, কর্মব্যস্ত ও পরিচিত মুখ রমজান আলীর এমন আকস্মিক মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।








