Logo

দৌলতদিয়ায় পদ্মায় পড়া বাস উদ্ধার, হতাহতের ঘটনা ঘটেনি

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
৫ জুন, ২০২৬, ১২:৪৭
দৌলতদিয়ায় পদ্মায় পড়া বাস উদ্ধার, হতাহতের ঘটনা ঘটেনি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। বাসটি ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল বলে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বাসটি নদী থেকে তোলা হয়। এ সময় বাসের চালক ও হেলপারকেও জীবিত উদ্ধার করা হয়।

বাসটির এক যাত্রী হীরক আহমেদ জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসে যাত্রা করেছিলেন। বাসটিতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে পৌঁছালে চালক ও হেলপার ছাড়া সবাই নেমে যান। এরপর ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।

বিজ্ঞাপন

দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঢাকাগামী বাসটি পন্টুন থেকে নদীতে পড়ে গেলেও যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ঘটনাটি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজের সহায়তায় বাসটি সফলভাবে উদ্ধার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD