Logo

লালমনিরহাটে সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৫ জুন, ২০২৬, ১২:৫৯
লালমনিরহাটে সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের প্রবেশ ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকালে জেলার বড়খাতা, পয়ষট্টিবাড়ি, দুর্গাপুর ও দিঘলটারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির ১৫ ও ৬১ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (বিজিবি-৬১) এর আওতাধীন বড়খাতা সীমান্তে ১১ জন এবং পয়ষট্টিবাড়ি সীমান্তে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। ফলে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

এদিকে একই দিন ভোরে দুর্গাপুর ও দিঘলটারী সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে ভারতীয় অংশে অবস্থান করতে দেখে বিজিবি। মাইকে সতর্কবার্তা দিলে তারা সীমান্তের ওপারেই অবস্থান নেয়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD