আর্জেন্টিনার জার্সি পরে গেলে অর্ধেক ফিতেই মিলবে চিকিৎসা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে কেউ গায়ে জড়াচ্ছেন দলের জার্সি, আবার কেউ বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় টানাচ্ছেন পছন্দের দলের পতাকা।
বিজ্ঞাপন
এমন আবহের মধ্যেই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা রোগীরা পাবেন বিশেষ ছাড়। তাদের কাছ থেকে নেওয়া হবে স্বাভাবিক ফির অর্ধেক।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ডা. মো. হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
পোস্টে তিনি জানান, বিশ্বকাপজুড়ে পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় থাকবে।
ডা. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
ঘোষণা অনুযায়ী, তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ডা. হাবিবুর রহমানের ভাষ্য, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের ভক্ত তিনি। বিশ্বকাপ এলেই খেলা দেখার আনন্দটা অন্যরকম হয়ে ওঠে। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার চিন্তা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির একটি প্রচেষ্টা।
তিনি আরও বলেন, আর্জেন্টিনা সমর্থকদের প্রতি শুভেচ্ছা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চিকিৎসাসেবার মান বা কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়বে না। বরং ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ আরও ছড়িয়ে দিতে এটি ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
বিজ্ঞাপন
ফেসবুকে ঘোষণাটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনায় মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করায় এমন উদ্যোগকে ব্যতিক্রমী ও অভিনব বলে মন্তব্য করেছেন।








