রাঙামাটিতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি

রাঙামাটির বরকল উপজেলায় একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে জেলার বরকল উপজেলার সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিলেন। হ্রদের পানি তুলনামূলক কম থাকায় এবং আশপাশে অন্য নৌযান ও স্থানীয় লোকজনের উপস্থিতি থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
রাঙামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙামাটি যাওয়ার পথে বরকলগামী যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় শিশুসহ ১২ জন যাত্রী ছিল। তবে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সবাই এখন ভালো আছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরকল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নৌকাডুবির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। নৌকায় থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হলেও অন্য কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।








