Logo

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বালুবাহী পিকআপ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ জুন, ২০২৬, ১৪:৩১
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বালুবাহী পিকআপ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বালুবাহী পিকআপ ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়া হলে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে একটি বালুবাহী পিকআপ অবৈধ রেলক্রসিং অতিক্রমের চেষ্টা করে। এ সময় ট্রেনটির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেনের সঙ্গে আটকে যায়, ফলে রেলপথে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর রেলওয়ে ও হাইওয়ে পুলিশের সমন্বিত প্রচেষ্টায় উদ্ধার কাজ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পিকআপটি ট্রেনের নিচ থেকে সরিয়ে নেওয়া সম্ভব হলে পুনরায় রেলপথে চলাচল শুরু হয়।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, তারা চট্টগ্রাম থেকে ট্রেনে যাত্রা করছিলেন। জোরারগঞ্জ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা জানতে পারেন যে একটি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে।

বিজ্ঞাপন

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার জানান, সকাল ৯টার দিকে অবৈধভাবে রেললাইন পার হওয়ার সময় একটি পিকআপ ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ক্ষতিগ্রস্ত পিকআপটি সরিয়ে নেওয়ার পর চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়ে আসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD