Logo

মাজারের দিঘির কুমির ফেরত চেয়ে খাদেমের সংবাদ সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
৭ জুন, ২০২৬, ১৫:২৯
মাজারের দিঘির কুমির ফেরত চেয়ে খাদেমের সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘি থেকে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের খাদেমরা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দিঘিতে কুমিরটি পুনরায় অবমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মাজারের প্রধান খাদেম ও সাবেক যুবদল নেতা ফকির তরিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে এই খাদেম বলেন, মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অনুমতি না নিয়েই দিঘি থেকে কুমিরটি নিয়ে যাওয়া হয়েছে। এটা বাগেরহাটের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। এর আগেও চিকিৎসার জন্য দুটি কুমির নিয়ে যাওয়া হলেও সেগুলো ফেরত দেয়নি। আমাদের চাওয়া যেকোনো মূল্যে দিঘির কুমির ফেরত দিতে হবে ও আগে যে দুটি কুমির নেওয়া হয়েছে সেগুলোও ফেরত দিতে হবে। বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য প্রয়োজনে আইনি পদক্ষেপে নেওয়ার ঘোষণা দেন মাজারের এই প্রধান খাদেম।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফকির পেয়ার আলী, সৈয়দ খালিদ আহমেদ, শেখ রবিউল ইসলাম, আল মামুন টিপু, শেখ আব্দুল জলিলসহ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ।

স্থানীয় সূত্র ও ইতিহাস অনুযায়ী, সাড়ে ৬শ বছর আগে খানজাহান আলী (রহ) এই দিঘিটি খনন করেন স্থানীয় মানুষের সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য। পানি যাতে কেউ নষ্ট করতে না পারে সেই সুরক্ষার জন্য ধলা পাহাড় ও কালাপাহাড় নামে দুইটি কুমির এই পানিতে ছাড়া হয়। সেই থেকে মাজারে কুমিরের উপস্থিতি ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে প্রজনন না হওয়া এবং মাছ ধরার জালে আটকে আহত হওয়ার কারণে খানজাহানের ছাড়া কুমিরগুলো মারা যেতে শুরু করে। সর্বশেষ বংশধরের মৃত্যু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। আশঙ্কাজনকভাবে দিঘি থেকে কুমির কমতে থাকায় ২০০৫ সালে ভারত থেকে ৬টি নতুন কুমির এনে ছাড়া হয়। কিন্তু সেগুলোরও কয়েকটি মারা যায়। সর্বশেষ যে দুইটি কুমির ছিল, তার একটা ২০২৩ সালের অক্টোবরে মারা যায়। এরপর থেকে ওই দিঘিতে একটি কুমির ছিল।

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাজারের পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে শিশু ফাতেমা আক্তারকে দিঘিতে থাকা কুমিরটি টেনে নিয়ে যায়। পরের দিন ২ জুন ভোরে দিঘি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তারস্বার্থে ৩ জুন কুমিরটিকে ধরে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। এর মধ্য থেকে মাজারের সাড়ে ৬শ বছরের কুমির ইতিহাসের সমাপ্তি ঘটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD