পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

সদ্য পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল।
বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ান একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তি। তার পদত্যাগে পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে তার পদত্যাগের কারণ স্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি তাকে পুনর্বহালের দাবি জানান।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। দীপেন দেওয়ানের মতো একজন অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্ব এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সাংবাদিক চাইথোয়াই মারমার সঞ্চালনায় বক্তব্য দেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ননী ব্রত ত্রিপুরা, সাবেক জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








