চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৭ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জন অজ্ঞাতকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ধনতোষ চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম।
বিজ্ঞাপন
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, সলিমপুর এলাকার ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে মামলাটি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষও উদ্ধার করেছে পুলিশ।








